হেফাজতে ইসলামের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির কারণে নিরাপত্তার স্বার্থে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক বন্ধ রেখেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের আগে থেকেই সড়কটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ।
ঘটনাস্থলে থেকে হাটহাজারী মডেল থানার এসআই আলমগীর হোসেন বলেন, জুমার নামাজের পর হাটহাজারী মাদরাসার সামনে ডাকবাংলোতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। নিরাপত্তার স্বার্থে তাই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিত স্বাভাবিক হলে সড়ক যান চলাচল চালু করা হবে।
মহাসড়ক বন্ধ করে দেওয়ায় সড়কটির দুইপশে যানজটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে দক্ষিণ দিকে হাটহাজারীতে বাসস্ট্যান্ড পর্যন্ত ও উত্তরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত দীর্ঘ যানজট লেগে গেছে।
এদিকে, রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। বিক্ষোভ সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মসজিদসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















