মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয় পৃথক পৃথক দু’টি অভিযানে ৩১০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লক্ষ ৭৭ হাজার ৬শত টাকা এবং ২১০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, ২৭ মার্চ রাত সাড়ে ৮টায় দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউপির গহনগাছি মন্ডল পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত এলাকার মোঃ মামুনুর রশিদ (২৮) এর নিজ বাড়ী তল্লাশী করলে ২১০ বোতল ফেন্সিডিল বাড়ীতে পাওয়া যায়। অভিযানের খবর টের পেয়ে মোঃ মামুনুর রশিদ (২৮) এবং তার সহযোগী মোঃ রিয়াজুল ইসলাম রিজু (৪৫) দুজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ফেন্সিডিলসহ পলাতক দুজন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ হাসিবুল ইসলাম বাদী হয়ে ১টি মাদক আইনে মামলা দায়ের করেন। একই দিনে রাত সাড়ে ১০টায় অভিযানে দিনাজপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের পাহাড়পুর এলাকার মোঃ জাহাঙ্গীর আলম এর বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়ার ঘর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ঘরে থাকা ৩ হাজার ১শত পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ৭৭ হাজার ৬শত টাকা সহ মোঃ রেজাউল করিম সবুজ(৪৪) এবং সবুজের মাদক বিক্রির সহযোগী মোঃ স্বপন হৃদয় (২৮) কে আটক করা হয়েছে। ইয়াবাসহ আটককৃত রেজাউল করিম সবুজ এর স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলী-৪২১৭, পাহাড়তলী এলাকা এবং তার সহযোগী মোঃ স্বপন হৃদয় এর স্থায়ী ঠিকানা কাঞ্চন ঘাট ব্রিজ সংলগ্ন বিরল উপজেলা দিনাজপুর। উক্ত অভিযানে ইয়াবা সহ আটককৃত ২ জন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাজিবুর রহমান বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেন।
























