বাগেরহাটের চিতলমারীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত পাঁচটি প্রকল্পের আওতায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬২ হাজার মানুষ ছয় মাস ধরে বিনামূল্যে সুপেয় পানি পান করছে। এতে এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষের বিভিন্ন পানিবাহিত নানান রোগব্যধি নিরাসন হচ্ছে। পাশাপাশি সুপেয় পানির অনেক ঘাটতি পূরন হচ্ছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানাযায়, ২০১৫ সালের দিকে মাননীয় প্রধানমন্ত্রী রেইন ওয়াটার হার্বেস্টটিং সিস্টেম চালু করেন। প্রকল্পের শুরতে অগ্রাধিকার মূলক গ্রামীণ পানি সরবরাহ, খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা, পল্লী অঞ্চলে পানি সরবরাহ, আর্সেনিক ঝুঁকি নিরসন এবং সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে মূলত বৃষ্টির পানি সংরক্ষন করে বছর জুড়ে পান করার উপযোগি করে তোলা হয়। এসব প্রকল্পের আওতায় ১২৫০টি পরিবারকে ও ২৫০টি প্রতিষ্ঠানে তিন হাজার লিটারের একটি করে পানির ড্রাম প্রতিস্থাপন করে দেয়া হয়। এসকল রেইন ফিল্টারের ৫০% মাননীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে এবং বাকী ৫০% উপজেলা ওয়াটারসন ও ইউনিয়ন ওয়াটারসন কমিটির মাধ্যমে বিতরণ করা হয়।
উপজেলার বোয়ালিয়া গ্রামের নির্মল বিশ্বাস, বিভাষ চন্দ্র রায়, খড়মখালী গ্রামের শিশির রঞ্জন বোস সহ অনেকে জানান, রেইন ফিল্টার পেয়ে আমাদের প্রায় ছয় মাসের সুপেয় খাবার জলের ব্যবস্থা হয়েছে। এখন পানি বাহিত বিভিন্ন রোগ জীবানু কমে গেছে, আমরা রেইন ফিল্টার পেয়ে খুশি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ আজমল হোসেন জানান, বর্ষাকাল বাদে ৪/৫ জনের একটি পরিবার প্রায় ছয় মাস ধরে বৃষ্টির এই সঞ্চিত পানি পান করতে পারে। তাতে করে এ উপজেলার প্রায় ৬২ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ত ভাবে সুপেয় পানি পান করার সুযোগ পাচ্ছে। তবে এ উপজেলায় শতভাগ মানুষকে নিরাপদ আওতায় আনতে হলে আরো অধিক পরিমাণ রেইন ফিল্টার প্রয়োজন।
চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচটি প্রকল্পের মাধ্যমে নিম্ন আয়ের অধিকাংশ মানুষকে সুপেয় খাবার জলের আওতায় আনতে পেরেছি। শতভাগ সুপেয় খাবার জল নিশ্চিত করতে আরো রেইন ফিল্টার বা খাবার পানির স্থায়ী ব্যবস্থা করা দরকার।

























