রবিবার দুপুর তখন ১টা। নিজ ঘরের সামনে ভাঙা দরজা ধরে বিস্মিত হয়ে দাড়িয়ে রয়েছেন সত্তোরোর্ধ বৃদ্ধ মোহাম্মদ মিয়া। তখনো যেন তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। প্রায় আধ কিলোমিটার দূরের একটি কারখানার বিষ্ফোরণে তার বাড়ির কাঠের দরজা ভেঙে টুকরো টুকরো কি করে হলো তা ভেবেই পাচ্ছেন না তিনি। তাই একটু পরপর ভাঙা দরজা-জানালাগুলোর দিকে দেখছিলেন তিনি। মোহাম্মদ মিয়া চট্টগ্রামের সীতাকু-ের সোনাইছড়ি ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা। ঘরের সামনে দাড়িয়ে কথা হয় তার সাথে।
মোহাম্মদ মিয়া বলেন, শনিবার রাতে আমি খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম। রাত ১১টার দিকে হটাৎ দেখি বিকট শব্দের ধাক্কায় আমার ঘরের সবগুলো জানালার কাঁচ ভেঙে পড়েছে। কিছু কিছু কাঁচ এসে পড়েছে আমার গায়েও। একই সময়ে আমার এত শক্ত কাঠের দরজাগুলোও ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যায়!
তিনি বলেন, আমার সত্তর বছরের জীবনে এরকম ঘটনা আর দেখিনি। আরেকটু জোরে হলে হয়ত আমরাও উড়ে যেতে পারতাম। ঘটনা কিভাবে হলো তখনো বুঝতে পারিনি। পরে দেখি মসজিদের মাইকে বলছে বি. এম কনটেইনার ডিপোতে বিষ্ফোরণ হয়েছে। আরো বিষ্ফোরণ হতে পারে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে। এ ঘোষণার সাথে সাথে গ্রামের মানুষ উদ্দেশ্যহীন ছুটতে শুরু করেছে মহাসড়কের দিকে। আমরাও দরজা-জানালা খুলে রেখেই দৌড়েছি। পরে দেখি ঐ মসজিদের কাঁচ-দরজাও ভেঙে গেছে। এছাড়া গ্রামের প্রায় সবার ঘর-বাড়ির দরজা-জানালা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।
এদিকে শুধু মোল্লাপাড়া নয়, কেশবপুর, কদমরসুলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা ঘটনার ২৪ ঘন্টা পরও চরম আতংকে ভুগছেন। একই এলাকার এর বাসিন্দা গৃহবধূর জেসমিন আক্তার বলেন, আমার জীবনে ধরনের কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী আমি হইনি। এ বিভীষিকা বর্ণনা করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ ভয়াবহ ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত করে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন। এভাবেই প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরবর্তী কেশবপুর এলাকার বাসিন্দা বৃদ্ধ জানে আলম।
তিনি বলেন, এমন ঘটনা আগে দেখিনি। শনিবার রাত থেকে শুধু আতঙ্কিত মানুষের ছোটাছুটি। আজ রবিবার দুপুরে আগুন নিভানোর সম্ভব হয়নি। আবারো কোন বিস্ফোরণ হয় কিনা আমরা সেই ভয়ে এখনো উদ্বিগ্ন হয়ে আছি।
সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মনির আহমেদ বলেন, আমার জীবনে এ ধরনের ভয়াবহ ঘটনা আমি দেখিনি। চারদিকে যেন লাশের মিছিল। চোখ দেখে আমি আতঙ্কিত। আমার বাড়ি ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে। কখন আবার কি হয় এইভাবে আমাদের গ্রামের সকলেই উদ্বিগ্ন হয়ে আছে।
সীতাকু- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরুদ্দিন রাশেদ বলেন, শনিবার সারারাত এবং আজ এখন পর্যন্ত আমার নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে চলেছি। সংখ্যা বেড়ে এখন ৪৫ জন।
সীতাকু- উপজেলা নির্বাহি অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, আমি শুধু লাশের পর লাশ গুনে চলেছি। এখন পর্যন্ত ৪৫ জনের লাশ পেয়েছি আমরা। বেশিরভাগেরই পরিচয় মেলেনি। আরো অসংখ্য লাশ পাওয়া যাবে বলে আমরা আশঙ্কা করছি।

























