নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ডের কালিগঞ্জ এলাকায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনির অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে এ হামলা হয়।
এসময় হামলাকারীরা ওই অস্থায়ী ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর,পোস্টার,ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলে এবং নৌকা প্রতীকে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
নৌকার প্রার্থী শাহ্ মো.সোহাগ রনি বলেন বলেন,নৌকার গণজোয়ার দেখে প্রতিপক্ষ প্রার্থী শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়। সেই লক্ষ্যে দুর্বৃত্তরা জননেত্রী শেখ হাসিনার মনোনীত আমার নির্বাচনী মার্কা নৌকার প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে তারা বঙ্গবন্ধুর মার্কা নৌকাকেই পুড়িয়ে দিয়েছে।
২০০১ সালে এই তারাই মনোনয়ন না পেয়ে সোনারগাঁয়ে নৌকার প্রচার কেন্দ্রগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলো,পুড়িয়ে দিয়েছিলো নৌকা। তিনি এ ব্যাপারে স্থানীয় প্রসাসনের সহযোগিতা কামনা ও তদন্তপূর্বক বিচার দাবি করেন।
উল্লেখ্য যে, আগামী ১৫ জুন ৮ম ধাপে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ওই ইউনিয়নের রাস্তা-ঘাট,অফিস আদালত,পাড়া-মহল্লা ও হাট-বাজারে চলছে চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা।মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক ছাত্রলীগ নেতা শাহ মো. সোহাগ রনি, স্বতন্ত্র পদে আনারস প্রতীক নিয়ে লড়ছেন আরিফ মাসুদ বাবু, ইসলামি ঐক্যজোটের হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন দেলোয়ার হোসেন ও মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন মো.সুরুজ মিয়া। জ্বালিয়ে দেয়া ক্যাম্প পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাবেক ছাত্রনেতা এএইচএম মাসুদ দুলাল।
























