নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী শাহী জামে মসজিদে পুলিশের উপর হামলার ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০/১২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (যার নং-১৭) হয়েছে।
শনিবার (১১ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মির্জা শহীদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে শুক্রবার (১০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক হামলার শিকার হোন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন এবং সাংবাদিক বিল্লাল হোসেন রবিন আহত হোন।
মামলাসূত্রে জানা যায়, গতকাল আদমজী শাহী জামে মসজিদে জুম্মার নামাজে ভারতের ঘটনার বিষয়টি উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক একটি বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ভারতের বিষয়টি যাতে আমাদের দেশে কোন প্রভাব ফেলতে না পারে এবং কোনো বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি না হয়। এ বক্তব্যের জের ধরে কিছু উচ্ছৃংখল যুবক তার উপর হামলা করে।
মামলায় আরো বলা হয়, তিনি ৬ নং বিট ইনচার্জ হিসেবে ওই এলাকায় বেশ কিছুদিন যাবত মাদক, কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে। মামলায় উল্লেখিত এবং অজ্ঞাতনামা তার উপর পূর্ব আক্রোশ বশতঃ এই ঘটনা ঘটায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় আজ রাতে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
























