আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে আলোচনা করা মোটেও কাম্য নয়। দেশের অভ্যন্তরীন বিষয়গুলো নিয়ে যে কোনো সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। আর যদি না পারি কোন বিদেশি এসে তা সমাধান করতে পারবেনা। বিদেশীদের কাছে ধর্না দেওয়া একপ্রকার রাজনৈতিক দৈনতার বহিঃপ্রকাশ।’
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রতিদিন নির্বাচন নিয়ে কথা বলার অর্থ হচ্ছে তারা রাজনৈতিক কোনো ইস্যু পাচ্ছে না। তাই রাজনীতির মাঠে টিকে থাকার জন্য ইস্যু বানিয়ে কথাবার্তা বলছে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে তাতে সব দল অংশ নেবে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, বিএফইউজের কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
























