জাতীয় শুদ্ধাচার ২০২৩ উপলক্ষ্যে নোয়াখালী জেলার ৯ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ অফিস প্রধান হিসেবে পুরস্কার পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবা উল আলম ভূঁইয়া।
মঙ্গলবার (২০জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সোনার বাংলার গড়ার প্রত্যয়’ এ জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৩ এ তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসাবে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
মেজবা উল আলম ভূঁইয়া গত বছরের জুনে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদন্নোতি পেয়ে কোম্পানীগঞ্জে যোগদান করেন। যোগদানের পর হতে তাঁর নিরলস পরিশ্রম, সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। বেড়েছে জনসেবার মান। কোম্পানীগঞ্জ উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান নির্বাচিত হওয়া ও পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়া ব্যক্ত করে মেজবা উল আলম ভূঁইয়া বলেন, উপজেলা পর্যায়ের সবাইকে নিয়ে দলগতভাবে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে। এই প্রাপ্তি আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ ও দায়িত্বশীল করে তুলবে।
তিনি ৩৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ২০১৮সালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে চাঁদপুরের হাইমচর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) ও কক্সবাজার জেলায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে ক্যাম্প ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন।




















