গাজীপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, গাজীপুরের মানুষ যাতে আমাকে মনে রাখে সেটা লক্ষ্য রেখেই আমি ভালো কাজ করতে চাই। প্রশাসসনের সব দপ্তর দুর্নীতিমুক্ত করতে চাই। এসব কাজে আমার বড় শক্তি সংবাদমাধ্যম। সংবাদমাধ্যম বা সাংবাদিকরা আমার সাথে থাকলে সবকিছুই করা সম্ভব।
গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে মঙ্গলবার (১ আগস্ট) জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মামুনুল করিম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোস্তফা আব্দুল্লাহ আল-নূর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত-ঈল ইভান।
বক্তব্য রাখেন সাংবাদিক খায়রুল ইসলাম, মো. মনিরুজ্জামান, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, মাজহারুল ইসলাম মাসুম, মো. মুজিবুর রহমান, মো. রুহুল আমিন সজীব, আমিনুল ইসলাম, শরিফ আহমেদ শামীম, ইজাজ আহাম্মেদ, রাজিবুল হাসান প্রমুখ।
এছাড়া জেলা পর্যায়ের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আমি এক সময় সাংবাদিকতা করেছি। সে কারণে আমি ভালো করেই জানি সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা বা অবদান কি।
তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলেন, আপনারাও আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কিছু মানুষ আছে অন্যায় আবদার নিয়ে আসে। এতটুকু আশ্বাস দিতে পারি কেউ কোনো অন্যায় আবদার আমাকে দিয়ে করাতে পারবেন না। যারা প্রকৃত সাংবাদিক তারা সাংস্কৃতিমনাও হয়ে থাকেন।




















