ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুরির ঘটনায় শালিস করায় ক্ষুব্ধ প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাফিজ উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে । গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে সরাইল উপজলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের ছাদালী মিয়ার ছেলে । ঘটনার পর থেকে ঘাতক রায়হান (১৮)সহ হামলাকারী সকলে পলাতক রয়েছে।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানান, হাফিজ উদ্দিন এলাকার মুরুবি হিসেবে বিভিন্ন ঘটনার শালিস করতেন । সম্প্রতি ঘাতক রায়হানের বড় ভাই সাইফুলের একটি চুরির ঘটনায় ব্যবস্থা নিলে রায়হান এতে ক্ষুব্ধ হয়। এরই জের ধরে বিকেলে হাফিজ উদ্দিনকে একা পেয়ে রায়হান ও তার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তার বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয় যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাম্মদ এমরানুল ইসলাম জানান, শালিস নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে । রায়হানসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




















