কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি ১নং পাড়ার যোগাযোগের একমাত্র বাঁশের সাঁকোটি বন্যার পানিতে ভেসে গেছে। সাঁকোটি ভেসে যাওয়ার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছেন পাড়াবাসী। বর্তমানে ওই পাড়ার প্রায় ৫০ পরিবারের মানুষ একরকম ঘরবন্দি অবস্থায় রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, গত কয়েক দিনের অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে সাঁকোটি গত সোমবার ভেসে যায়। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় মোহাম্মদ রাশেদ, ইউসুফ সওদাগর, আজিজ মিয়া, আব্দুল মুনাফ জানান, বর্ষা মৌসুম আসলে তাদের দুঃখের সীমা থাকেনা। প্রতি বর্ষায়ই এই সাঁকো ভেঙে যায়। আবার এলাকাবাসীর প্রচেষ্টায় সাঁকো তৈরি করা হয়। এভাবেই বছরের পর বছর চলছে। ওই স্থানে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। তবে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈবাল সরকার জানান, অচিরেই এই খালের ওপর সেতু নির্মাণের কাজ শুরু হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা ইতিমধ্যে ওই খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠিয়েছি। প্রস্তাব পাস হয়ে আসলে কাজ শুরু হবে।’




















