শিক্ষা বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ অলিক কল্পনা। একটি সুশিক্ষিত জাতিই স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম। এজন্যই আ.লীগ সরকার শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে দেখে। যার ধারাবাহিকতায় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে অবকাঠামোগত সহ সার্বিক উন্নয়ন সাধন করে চলেছে। সোমবার (১৪ আগস্ট) পাবনা সদর উপজেলার সাদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা ভবন ও সীমানা প্রাচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এর আগে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ ভবন উদ্বোধন করা হয়।
তিনি বলেন, এটি শোকের মাস। এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। সকল শোক কাটিয়ে তাঁর সুযোগ্য কন্যা আজ দেশকে বিশ্বদরবারে এগিয়ে দিয়েছেন। দেশকে আরো এগিয়ে নিতে সামনের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে বিপুল ভোটে জয়ী করতে হবে।
এমপি প্রিন্স বলেন, বেকারমুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। সংকটময় মুহুর্তে দেশ ও দেশের মানুষকে উনি যেভাবে আগলে রেখেছেন, তা বিশ্বে অনুকরণীয় বিষয়। রাস্তাঘাট, আধুনিক ভবনের বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়নের আলোয় প্রত্যন্ত অঞ্চলগুলো আজ আলোকিত। এই আলোর প্রতিফলন ঘটিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। উনি এতিম, দেশের মানুষ ভালো থাকুক এটা ছাড়া তার কোনো চাওয়া নাই। আপনারা সকল বিষয়গুলো বিবেচনা করে প্রধানমন্ত্রীকে আবার ওই আসনে বসার ব্যবস্থা করে দিবেন। এমনটাই প্রত্যাশা আপনাদের কাছে। ইনশাল্লাহ আগামীতে দেশের মানুষ আরো ভালো থাকবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান,সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সী ও সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




















