১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে দুটি গণভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একটি হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণে এবং অপরটি হযরত শাহপরানের মাজারে।
মঙ্গলবার (১৫ আগস্ট) শোক দিবস উপলক্ষে তিনি আয়োজন করেন গণভোজের। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজারে দুপুরে আয়োজিত গণভোজে অংশ নেন অন্তত ১০ হাজার মানুষ।
আনোয়ারুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধানে গণভোজে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী। জোহরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই মাজার প্রাঙ্গনে চলে এই গণভোজ।
এছাড়াও বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে ও বাদ আছর হযরত শাহপরাণ (রহ.) এর মাজার মসজিদে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য,স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদকে স্মরণ করেছে সিলেটের সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি, বেসরকারি পর্যায়ে পালিত হয় নানা কর্মসূচি।




















