বগুড়ার শেরপুরে প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ১লা আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার ( ২৫ আগস্ট) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় অভিযোগ করলে ওই রাতেই সাধুবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ধর্ষক নাঈম সিদ্দিকী (২০) কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
এজাহার সুত্রে জানাগেছে, ভুক্তভোগী ওই ছাত্রী স্কুলে যাতায়াতের পথে ধর্ষক নাঈম সিদ্দিকী তাকে নানা ভাবে উত্যক্ত করতো। এ ঘটনা ওই ছাত্রী তার বাবা মাকে জানালে তারা ধর্ষক নাঈমের বাবা মাকে অবগত করেন যেন নাঈমকে শুধরে নেয়। এতে করে নাঈম আরও বেশী বেপরোয়া হয়ে উঠে।
ঘটনার দিন ছাত্রীটি শেরপুরের একটি স্কুলে প্রাইভেট পড়ে বাড়ি পথে নাঈমের বাড়ির কাছে পৌঁছলে, নাঈম তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নেয়। এ সময় নাঈমের বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষক নাঈম বিয়ের প্রলোভনে ছাত্রীটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।
এ বিষয়ে জানতে শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, শুক্রবার রাত নয়টায় ওই ছাত্রীর মা থানায় অভিযোগ করলে সঙ্গীয় ফোর্স নিয়ে রাত এগারোটায় অভিযান চালিয়ে ধর্ষক নাঈমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নাঈম বগুড়ার একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নাঈমকে গ্রেফতার করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।




















