শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বিদেশী কোম্পানীকে বেধে দেয়া নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার সার্বিক কাজ। ইতিমধ্যেই প্রায় ৯৮ ভাগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চলতি মাসেই পরীক্ষামূলক উৎপাদনে যাবে এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব এই সার কারখানাটি। এছাড়াও গ্যাস সংকটের কথা বিবেচনায় যমুনা সার কারখানার বিকল্প বের করে এই কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাসসহ সার্বিক কার্যক্রম নিশ্চিত করা হয়েছে। তিনি গতকাল বুধবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন ও কমিশনিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ঘোড়াশাল-পলাশ ইউরিয়ার ফার্টিলাইজার ফ্যক্টরির প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খানা দিলীপ, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমানসহ প্রকল্পের কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারবৃন্দ।
শিল্পমন্ত্রী আরো বলেন, নতুন এ কারখানা নির্মাণের সঙ্গে শ্রমিক, কর্মচারীসহ সকলের স্বার্থ জড়িত। এ প্রকল্প বাস্তবায়নে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে, ট্রেড ইউনিয়ন নেতাদের নিয়মিত কারখানায় কাজ করতে হবে। শ্রমিক নেতারা ‘বেতন নেবেন কিন্তু কাজ করবেন না’- এ ধরনের সংস্কৃতি মেনে নেয়া হবে না। তিনি বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে স্বর্ণের খনির সঙ্গে তুলনা করে ষোলো কোটি মানুষের বত্রিশ কোটি হাতকে উন্নয়ন ও উৎপাদনের কাজে লাগানোর পরামর্শ দেন। এর মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে দ্রুত পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ইউরিয়া সারের চাহিদা মিটানোর পাশাপাশি সুলভ মূল্যে কৃষকদের কাছে সার পৌছে দিতে ২০১৮ সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে শিল্পমন্ত্রণায়। এতে বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়ার সার উৎপাদন সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
চলতি মাসেই পরীক্ষামূলক উৎপাদনে যাবে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা
-
সালমা সুলতানা - প্রকাশিত : ০৫:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- 90
ট্যাগ :
জনপ্রিয়




















