চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) বিতর্ক বিষয়ক কেন্দ্রীয় সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে ‘সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব ২০২৩’ হতে যাচ্ছে। আগামী ৮ ও ৯ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার ও শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আয়োজিত হবে এ বিতর্ক প্রতিযোগিতা।
জাতীয় পর্যায়ে এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২৮টি দল এবং স্কুল ও কলেজ পর্যায়ের ২৪ টি দলের বিতার্কিকরা অংশগ্রহণে করবে।
এই বিতর্ক প্রতিযোগিতাগুলো মূল্যায়নের জন্য থাকবে ৩০ জনেরও অধিক বিচারকমন্ডলী। বিতর্ক উৎসব পরিচালনায় মূল বিচারক পর্ষদে আছেন দেশীয় বিতর্ক অঙ্গনের জনপ্রিয় ও সফল বিতার্কিকবৃন্দ। এছাড়াও স্বতন্ত্র বিচারক হিসেবে সারা বাংলাদেশ থেকে ৫০ এর অধিক স্কুল-কলেজ শিক্ষার্থী উপস্থিত থেকে অর্জন করতে যাচ্ছে বিচারিক চর্চা ও অভিজ্ঞতা অর্জনের সুবর্ণ সুযোগ।
উৎসবটি ট্যাব ফর্মেটের দুই পর্বের এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে । প্রাথমিক পর্যায়ে প্রতিটি দল চার (৪) রাউন্ড বিতর্ক করার সুযোগ পাবে। বিজয়ী দলগুলো পরবর্তীতে ক্রমান্বয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে সুযোগ পাবে।
এবার সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব ২০২৩ এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে চবি এমবিএ এসোসিয়েশন, সহযোগী পার্টনার হিসেবে রয়েছে প্রাগমেট। এছাড়াও বিতর্ক উৎসবের সার্বিক সহোযোগিতায় রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টির বিতর্ক অঙ্গন ও দেশীয় বিতর্ক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শুধু তাই নয়, দীর্ঘ ২৭ বছরে কেন্দ্রীয় এই সংগঠনটি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সফলতার সাথে প্রতিনিধিত্ব করে আসছে।






















