আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম।
আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। একসময় এ দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হলিখেলা চলছিল।বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যেকোনো আইন-শৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আমাদের সে আস্থাও আছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম বার, পিপিএম ও হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




















