চট্টগ্রামে ভবন নির্মাণ করতে হলে নকশা অনুমোদনের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে (সিডিএ)। এ জন্য ফরমপ্রতি ২ হাজার টাকা নগরের কোতোয়ালি এলাকায় সিডিএ ভবন-সংলগ্ন পূবালী ব্যাংকের শাখায় জমা দিতে হয়। কিন্তু চার বছর ধরে একটি চক্র ব্যাংক স্লিপ জাল করে সিডিএর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিডিএর কিছু কর্মী জড়িত বলে জানা গেছে। সেই সুত্র ধরে ভবনের নকশা অনুমোদনের ফরমে ব্যাংকের সীল-স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) কার্যালয়ে অভিযানে আসে ১০ সদস্যের একটি টিম। এসময় প্রতিষ্ঠানটির বেশ কিছু নথি পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত বলেন, দুদকের হটলাইন নম্বর ১০৬ এ ফোন পেয়ে অভিযানে আসে দুদক। অভিযানের বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ সংস্থার সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, যেহেতু এখানে অনেকগুলো নথি যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে, তাই আমরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কাগজপত্র চেয়েছি। যা পরবর্তীতে পর্যালোচনা করে এবং ব্যাংক হিসাবের সঙ্গে কোনো অমিল আছে কিনা তা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে কোনো অনিয়ম পাওয়া গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রায় ২ ঘণ্টার মতো সিডিএ-তে ছিলাম। এ অল্প সময়ে বিশাল ফাইল দেখার সুযোগ নেই। তবে কয়েকটি ফাইল দেখেছি। এর মধ্যে কিছু ফাইলে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। ‘জাল ব্যাংক স্লিপে হচ্ছে নকশা অনুমোদন, জড়িত সিডিএর কর্মচারী’ বিষয়টি গ্রাহকরা জানতে পারলে ওই দুই কর্মচারীর কাছে টাকা ফেরত চান। বাধ্য হয়ে টাকা ফেরতও দেন তারা। একইভাবে ভূমি ব্যবহারের ছাড়পত্রের জন্য জমা দেওয়া নথিতেও ব্যাংক স্লিপ জাল করে জমা দেওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে। ফলে ভূমি ব্যবহার ছাড়পত্র অনুমোদন আপাতত বন্ধ করে দিয়েছেন সংশ্লিষ্টরা। এর প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিডিএ। এ নিয়ে গত ৩১ আগস্ট সিডিএর কোটি টাকা রাজস্ব আত্মসাৎ এবং তদন্তপূর্বক শাস্তির জন্য ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানটির সচিব বরাবরে চিঠি দেন সংস্থাটির প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। তিনি বলেন, এ ঘটনায় সিডিএর সুনাম নষ্ট হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুদকের অভিযানে পর সিডিএ’র চেয়ারম্যান এম জহিরুল আলম চৌধুরী দোভাষ বলেন, ‘আমরা বিষয়টি জানার পর পরই তিন সদস্যের কমিটি গঠন করেছি। আজ দুদকের টিম এসেছিল। তারা আমাদের কাছে কিছু কাগজপত্র চেয়েছে, আমরা তা তাদের হাতে দিবো’।
০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
সিডিএ’তে ব্যাংক স্লিপ জালিয়াতি, দুদকের অভিযান
-
জাহাঙ্গীর আলম চট্টগ্রাম - প্রকাশিত : ০৯:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- 75
ট্যাগ :
জনপ্রিয়




















