নির্বাচনের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, কোন দেশ কী ভিসা নীতি আরোপ করল, তার কোনো প্রভাব আমাদের নির্বাচনের ওপর পড়বে না।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইনকানুন আছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বদ্ধপরিকর। জনগণের যে প্রত্যাশা সে অনুযায়ী অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা।
পরে শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাছেতের সভাপতিত্বে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




















