চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই উপগ্রুপ সিক্সটি নাইন ও বিজয়ে মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ অক্টোবর) চবির রেজিস্ট্রার কে এম নুর আহমদ শনিবার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্ট্রার কে এম নুর বলেন , গত দিনের ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেব নাথকে আহ্বায়ক, সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদকে সদস্য সচিব এবং আরেক সহকারী প্রক্টর ড. মোরশেদুল আলমকে সদস্য করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
এ বিষয়ে চবির প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নিতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি রিপোর্ট দিলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ক্যাম্পাস এখন শান্ত আছে।’
এর আগে শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় চবি শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপের কর্মীরা। এতে উভয় গ্রুপের ১৯ জন আহত হয়েছে।
ছাত্রলীগের দুই উপগ্রুপে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন।




















