পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে সামাজিক সুরক্ষা সেবাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের শহীদ স্মরনিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। আগামীতে শেখ হাসিনা সরকার ভাতাভোগীদের সেবার মান বাড়িয়ে দেবে জানিয়ে বক্তব্য দেন তিনি। এতে সুবিধাভোগীরা আরো বেশি উপকৃত হবেন বলেও জানান তিনি।
এসময় ইউনিয়নের সাড়ে ৮ হাজার সুবিধাভোগীর পক্ষ থেকে বয়স্কভাতাপ্রাপ্ত এসএম প্রামাণিক ও প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত ফাহিমা খাতুন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। তারা বলেন, বয়স অনেক হয়েছে, সবই চোখে দেখছি। বয়স্কভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ এতো ভাতার নামে অন্য কেউই আমাদের টাকা দেয়নি বা সহযোগিতা করেনি। শেখ হাসিনা দিচ্ছেন। অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে ধন্যবাদ।
সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ শওকত মেহেদী সেতু’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ অনেকে।
এসময় ইউনিয়নের ৮ হাজার সুবিধাভোগী ও স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/একে




















