চট্টগ্রামে ক্ষতিকর রঙ মিশ্রিত আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান, ১ লাখ টাকা জরিমানা, ১২০০০ হাজার পিস আইসক্রিম ধ্বংস
১৮ অক্টোবর বুধবার চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা খালপাড় এলাকায় একটি আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআই।
এসময় কারখানার মালিক ওমর ফারুককে হাতেনাতে আটক করা হয়। কারখানায় আইসক্রিম মোড়কজাত বা প্যাকেজিং করার কোন লাইসেন্স ছিল না।
মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর রং মিশ্রিত ১২,০০০ হাজার পিস আইসক্রিম জব্দ করা হয়। দূষিত পানি এবং মানহীন বিভিন্ন পদার্থ এবং রং দিয়ে বাচ্চাদের খাওয়ার এসকল আইসক্রিম তৈরী করছিল প্রতিষ্ঠানটি।
আইসক্রিম গুলোর গায়ে কোন উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ কিছুই ছিল না।
এসকল অপরাধে অভিযুক্ত ওমর ফারুককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৫০০ কার্টুন (১২০০০ হাজার পিস) মানহীন আইসক্রিম জনসমক্ষে ধ্বংস করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “আমরা এই চট্টগ্রামকে ভেজাল ও মানহীন খাদ্যমুক্ত একটি স্মার্ট জেলায় পরিণত করার জন্য কাজ করছি। এসকল আইসক্রিম সাধারণত স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা খেয়ে থাকে। তীব্র গরমে এসকল আইসক্রিম এর চাহিদা আরো বেশী বাড়ে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের ক্ষতি হয় এরূপ কোন খাদ্যদ্রব্য এই চট্টগ্রামে উৎপাদন করতে দেয়া হবে না। আমাদের ভেজালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। ” জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
বিজনেস বাংলাদেশ/একে






















