মহাষ্টমীর দিনে পাবনায় প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের অঙ্গ কুমারী পূজা। রবিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় পাবনার পাথরতলার শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে এ পূজার আয়োজন করা হয়। দুর্গাপূজার অঙ্গ এ কুমারী পূজা পাবনায় এর আগে অনুষ্ঠিত না হওয়ায় দূর দূরান্ত থেকে ভক্ত পুণ্যার্থীরা দেখতে ভীড় জমান মন্দিরে। রঙিন শাড়ি, কপালে সিঁদুরের টিপ, পায়ে আলতা, মাথায় টোপর ও তিলক পরানোসহ কুমারীকে দেবীরুপে সাজিয়ে দেয়া হয় পূজো। সবার মঙ্গল কামনার পাশাপাশি ভক্ত পূণ্যার্থীরা অত্যন্ত উচ্ছ্বাসের সাথে উপভোগ করছেন এ পূজা। ধন্যবাদ জানাচ্ছেন আয়োজকদের।
ভক্ত তৃষ্ণা বিশ্বাস জানান, শারদীয় দুর্গোৎসব এমনিতেই অত্যন্ত আনন্দের সবচেয়ে বড় উৎসব। প্রথমবারের মত কুমারী পূজা এ আনন্দের সাথে নতুন মাত্রা যোগ করেছে। আমাদের নারীদের বিশেষ সম্মানার্থে এই পূজা করা হয়ে থাকে। অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের সাথে এ পূজা উপভোগ করছি। সবার মঙ্গল কামনার পাশাপাশি আয়োজনের জন্য মন্দির কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি।
আরেক ভক্ত তপোতী পোদ্দার জানান, আয়োজন খুব সুন্দর হয়েছে। পণ্ডপে শৃঙ্খলাও ছিলো। এই মন্দির এটির প্রথম আয়োজন করলো। দাবি থাকবে এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার।
আয়োজকরা জানান, এ পূজা দুর্গাপূজার অংশ হলেও পাবনায় এর আগে আয়োজন করা হয়নি। এবারের পূজোয় ভক্তদের ভিন্ন আনন্দ দেবার লক্ষ্যে এ পূজার আয়োজন করা হয়েছে। এ পূজা পরিচালনা করেন পুরোহিত বাসুদেব তলাপাত্র। দেবীরুপে সাজানো হয়েছিলো পুরোহিতের ৬ বছর বয়সী নাতনি শ্রেয়া তলাপাত্রকে। পুরানমতে এই বয়সী কুমারীকে উমা বলা হয়। এছাড়া সাড়ম্বরে পূজা উদযাপনের লক্ষ্যে সকল আয়োজন বা ব্যবস্থাও ছিলো বলে জানান আয়োজকরা।
মন্দির কমিটির সভাপতি অসিত কুমার সাহা জানান, অষ্টমী বা নবমীর দিনে কুমারী পূজা করা হয়ে থাকে। আমরা অষ্টমীর দিনে করেছি। প্রথমবার এ পূজার আয়োজন হওয়ায় জেলার সকল ভক্তদের আগেই জানিয়ে দেয়া হয়েছিলো যেনো সবাই উপভোগ করতে পারেন।
আয়োজন সংশ্লিষ্ট প্রদীপ কুমার সাহা ও অচিন্ত্য কুমার ঘোষ জানান, মা দুর্গা দেবীরুপে বানাসুর বধের মধ্য দিয়ে এ পূজার প্রচলন ঘটে। ধর্মমতে নারীদের সম্মান ও মর্যাদা জানান দিতে যুগ যুগ ধরে এ পূজার করা হয়ে থাকলেও পাবনায় এই প্রথম। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সুন্দর একটি আয়োজনের। নারীদের বিশেষ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন সহ মায়ের কাছে সকলের মঙ্গল কামনাই এই পূজার উদ্দেশ্য ছিলো। চেষ্টা থাকবে প্রতিবার এই কুমারী পূজা আয়োজনের।





















