গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত বাড়ি পুরে ছাই হয়েছে। রবিবার সকালে কালিয়াকৈর পৌরসভাস্থ পল্লী বিদ্যুৎ ভাঙ্গা মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক দুলাল জানান, আগুনে আমার বাড়ির ২৪টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। আমারসহ বাড়ির ভাড়াটিয়াদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার ভাঙ্গা মসজিদের পাশের কলোনিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লাগার সূত্রপাত ঘটে। আনুমানিক ২২ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/একে

























