নওগাঁয় আজ জামায়াত-বিএনপির দিনব্যাপী হরতালকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ দুপুর ২টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াত ও এর সহযোগী সংগঠনের ১১৫জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আজ রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নওগাঁ সদরে ১২জন,নিয়ামতপুরে ১৩, মান্দায় ৯,মহাদেবপুরে ৮,বদলগাছি ১১,সাপাহারে ১৭,পোরশায় ১০, ধামইরহাটে ৮,পত্নতলায় ৮,আত্রাইয়ে ১১ এবং রাণীনগর উপজেলায় ৮জন।
পুলিশ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ওয়ারেন্ট ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে এবং এটি চলমান থাকবে। অন্যদিকে জেলা বিএনপির নেতাদের অভিযোগ, শনিবারের মহাসমাবেশ পরবর্তী হরতালকে কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। যাদের বাড়িতে পাওয়া যাচ্ছে, তাঁদের ধরে এনে পুরোনো গায়েবি মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে।
নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন বলেন, রবিবারের হরতালকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য পুলিশ ধরপাকড় শুরু করেছে। গত রাতে নওগাঁ সদরসহ সবগুলো উপজেলা থেকে বিএনপির ও এর সহযোগী সংগঠনের ১১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটকের পর পুরনো গায়েবী মামলায় তাঁদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।
জানতে চাইলে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এগারোজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আজ রবিবার আসামিদের আদালতে নেওয়া হয় এবং পরে আদালতের নির্দেশে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

























