মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়ার মাধ্যমে বর্ণাঢ্যরুপে স্বাগত জানিয়েছে চীন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান বেইজিংয়ে পৌঁছায়।
গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য দুই দিনের সফরে চীনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, কৌশলগত প্রতিযোগিতা ও বৈশ্বিক ইস্যু নিয়ে তাঁর আলোচনা হওয়ার কথা রয়েছে।
সিএনএন জানায়, ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে নামার সময় ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। শি জিনপিংয়ের ঘনিষ্ঠ প্রতিনিধি হিসেবে পরিচিত হান ঝেং কূটনৈতিক নানা অনুষ্ঠানে চীনের প্রতিনিধিত্ব করেন। গত বছর ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।
বেইজিং বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল প্রায় ৩০০ চীনা শিশু-কিশোর। নীল-সাদা ইউনিফর্ম পরিহিত এই দলটি যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে ট্রাম্পকে স্বাগত জানায়। মান্দারিন ভাষায় তারা স্লোগান দেয়, স্বাগতম, আন্তরিক স্বাগতম।
ট্রাম্পের সঙ্গে ছিলেন তার ছেলে এরিক ট্রাম্প ও পুত্রবধূ লারা ট্রাম্প। লাল গালিচা ধরে হান ঝেংয়ের সঙ্গে হাঁটার সময় ট্রাম্পকে হাস্যোজ্জ্বল দেখা যায়। পরে তিনি বহরের গাড়িতে ওঠার আগে মুষ্টিবদ্ধ হাত তুলে শুভেচ্ছা জানান।
চীনের পক্ষ থেকে এই জাঁকজমকপূর্ণ আয়োজনকে ট্রাম্পের সফরের গুরুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত শিয়ে ফেং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মা ঝাওসু।
ট্রাম্প ও শি জিনপিংয়ের আনুষ্ঠানিক বৈঠক বৃহস্পতিবার (১৪ মে) সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা, তাইওয়ান ইস্যু ও ইরান যুদ্ধ নিয়ে দুই নেতার আলোচনায় নজর থাকবে আন্তর্জাতিক মহলের।























