বিশ্বকাপের আগমুহূর্তে বড় ধরনের ইনজুরি শঙ্কায় পড়েছেন লিওনেল মেসি। সোমবার (২৫ মে) মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামি ৬-৪ ব্যবধানে জয় পায়। তবে, ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়তে দেখা যায় মেসিকে।
এদিন ম্যাচের ৭৩তম মিনিটে হঠাৎ বদলির ইঙ্গিত দেন মেসি। এরপর কিছুক্ষণ মাঠের বাইরে হাঁটাহাঁটি করার পর সরাসরি টানেলে চলে যান তিনি। টানেলে যাওয়ার সময় তাকে পায়ের পেছনের অংশ ধরে থাকতে দেখা যায়, যা নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার বদলি হিসেবে মাঠে নামেন মাতেও সিলভেত্তি।
বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে কোনো ট্যাকল ছাড়াই অস্বস্তিতে পড়েন তিনি। লিও’র মাঠ ছেড়ে উঠে আসার এই ঘটনায় শঙ্কার মেঘ জমেছে আর্জেন্টাইন শিবিরে। এলএমটেনের চিকিৎসায় মায়ামির মেডিকেল টিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
৩৮ বছর বয়সী মেসি এখনও আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। কোচ লিওনেল স্কালোনির দলের অধিনায়ক হিসেবে তাকেই ভরসা করছে সমর্থকরা। ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে মেসির শেষ বিশ্বকাপ।
আগামী ১৬ জুন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর আগে এই চোট আলবিসেলেস্তে শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে, বিশ্বকাপের আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ।
ডিএস./























