ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয় খামেনি ও নিহত চার সদস্যদের জানাজা। এতে, ইমামতী করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী।
রোববার ভোর থেকেই খামেনিকে শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হন লাখ লাখ ইরানি জনগণ। সকাল ৭টা নাগাদ মসজিদ প্রাঙ্গণে নামানো হয় মরদেহবাহী কফিনগুলো। সেসময়, প্রিয় নেতার স্মরণে কান্নায় ভেঙে পড়েন সবাই। জানাজায় অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষই যুক্তরাষ্ট্র আর দেশটির মিত্র ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়া, জানাজায় উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগীয় প্রধান গোলামহোসেন মোহসেনি এজেই।
অবশ্য, বাবার জানাজায় দেখা যায়নি সন্তান ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার ৪ মাস পর, শনিবার শুরু হয় আয়াতুল্লাহ আলি খামেনিকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা। সাতদিনের আয়োজনে অংশ নিয়েছেন অন্তত ১০০ দেশের প্রতিনিধি।
ধারণা করা হচ্ছে, পুরো আনুষ্ঠানিকতায় অংশ নেবে ২ কোটি মানুষ। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী ৯ জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি এই নেতাকে।
ডিএস./























