ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিতে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনাও দেখছেন না তিনি।
নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।
এদিকে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু হলে দেশটির জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য নিজেদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা ব্যবহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমা ব্যবহারের সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করছে। বোমাটি ‘মাদার অব অল বোম্বস’ নামে পরিচিত। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।
ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিলে এই বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থন বাড়ানোর চেষ্টা চলছে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, ইরানের সঙ্গে অজনপ্রিয় যুদ্ধ এবং এর ফলে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্পের রিপাবলিকান দল রাজনৈতিক চাপে পড়েছে।
সূত্র: আল-জাজিরা
ডিএস,























