ফরিদপুর সদর উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরিষা, মসুর ও খেসারির উৎপাদন বাড়াতে কৃষকদের এ সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীমা আক্তার শাপলা।
কর্মকর্তা কৃষিবিদ শামীমা আক্তার শাপলা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার। বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কৃষকদের কল্যাণে কাজ করে। এর আগে একটি সরকার ক্ষমতায় থাকাকালে কৃষকদের বরাদ্দের অর্থও লুটপাট করেছে বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় তিনটি ক্যাটাগরিতে মোট ৪ হাজার ২২০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।
এর মধ্যে ৩ হাজার ২০০ জন কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ৮৫০ জনকে ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১৭০ জনকে ৮ কেজি খেসারির বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
ডিএস./



















