বলিউডের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ ২১ বছর পর আবারও একই গানে কণ্ঠ মিলিয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই সংগীতশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণ। সানি দেওল অভিনীত ‘সূর্য: অন্ত সে আরম্ভ তক’ সিনেমার ‘সুনিয়ো জারা’ গানে একসঙ্গে গেয়েছেন তারা। দুই কিংবদন্তিতুল্য শিল্পীর এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তাদের ভক্ত-অনুরাগীরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ বিরতির পর উদিত নারায়ণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন কুমার শানু। তিনি বলেন, অনেক আগে তারা একসঙ্গে বেশ কিছু গান করেছেন। এরপর দীর্ঘ সময় আর একসঙ্গে কাজ করা হয়নি। তাই নতুন করে একই গানে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়ে দুজনই ভীষণ খুশি।
তবে দীর্ঘ ২১ বছর একসঙ্গে গান না করলেও তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়নি বলে জানান শানু। তার কথায়, উদিত নারায়ণের সঙ্গে তার বন্ধুত্ব অনেক দিনের। সেই সম্পর্ক এখনো অটুট রয়েছে, ভবিষ্যতেও থাকবে। দুজন একসঙ্গে বসলে পুরোনো দিনের নানা স্মৃতি নিয়ে হাসি-আড্ডায় মেতে ওঠেন।
কুমার শানু বলেন, ‘আমাদের বন্ধুত্ব অনেক পুরনো। তবে এটা এখনো আছে এবং ভবিষ্যতেও এমনই থাকবে। আমরা দুজন যখন একসঙ্গে বসি, তখন অনেক হাসাহাসি করি এবং রেকর্ডিংয়ের দিনের পুরোনো স্মৃতি নিয়ে আলোচনা করি।’
‘সুনিয়ো জারা’ গানে উদিত নারায়ণের অংশগ্রহণের বিষয়টি শুরুতে জানতেন না বলেও জানিয়েছেন শানু। পরে যখন বিষয়টি জানতে পারেন, তখন বেশ আনন্দিত হন তিনি। দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করার সুযোগটি তার কাছে বিশেষ আনন্দের হয়ে উঠেছে।
এদিকে ‘সুনিয়ো জারা’ ছাড়াও উদিত নারায়ণের সঙ্গে আরও একটি গান রেকর্ড করেছেন কুমার শানু। প্রায় ১০ থেকে ১২ দিন আগে নিজের ইউটিউব চ্যানেলের জন্য ‘তেরা মেরা ইয়ারানা’ শিরোনামের গানটি রেকর্ড করেন তিনি। শানুর অনুরোধেই সেই গানেও কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ।
দীর্ঘ বিরতির পর দুই জনপ্রিয় কণ্ঠশিল্পীর এই পুনর্মিলন নতুন করে ফিরিয়ে এনেছে নব্বইয়ের দশকের সংগীতের স্মৃতি। তাদের একসঙ্গে গান শোনার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
_Rs_


























