নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকার বিরোধী স্লোগান , মিছিল ও একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়। এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সানারপাড় মৌচাক ইউটার্ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি স্টার পরিবহনের এ বাসটিতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল সানারপাড় পিডিকে পাম্পের সামনে রাতের ডিউটিতে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মৌচাক ইউটার্ন এলাকায় একত্রিত হয়ে সরকার বিরোধী কর্মকান্ডের প্রস্তুতি নিচ্ছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, ওই ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকান্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন। একপর্যায়ে মহাসড়কের পাশে থাকা ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২ নম্বরের বাসটিতে আগুন দেওয়া হয়।
মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি গুজা লিটন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শান্ত, হিমেল, যুবলীগ নেতা পলাশ, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য জালাল ওরফে টায়ার জালাল, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সালাহ উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ, ৩ নম্বর ওয়ার্ড শেখ রাসেল ক্রীড়া পরিষদের সভাপতি ওয়াসিম আকরাম, শ্রমিক লীগের নেতা লিটন, যুব মহিলা লীগের নেত্রী চম্পা ভূইয়া, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কোষাধক্ষ্য মো. রনি, সানাউল্লাহ বেপারী, যুবলীগ নেতা আজিজুল হক, ছাত্রলীগ কর্মী রিদয় হোসাইন ওরফে বুলেট, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের দুই ছেলে মাহামুদুর রহমান, মাহাবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ডিএস./





















