এই রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে ২০২৪ সালের ২৬ অক্টোবর ৯ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। সেই একই ভেন্যুতে ৮ উইকেটের ব্যবধানে আজ (শুক্রবার) শ্রীলঙ্কাকে হারিয়ে তারা টেস্ট সিরিজ জয়ের ভুলে যাওয়া স্বাদ আবার পেল তারা। ৭৫৫ দিন পর লাল বলের ক্রিকেটে সিরিজ জিতল পাকিস্তান।
দুই বছরের বেশি আগে পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতার পর ছয়টি সিরিজে খেলে তিনটি ড্র ও তিনটিতে হেরেছিল। সবশেষ ইংল্যান্ড সফর যেন ভুলেই যেতে চাইবে তারা। ইংলিশদের মাটিতে প্রথমবার হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। সেই দলটি এবার শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করল।
রানবন্যার প্রথম টেস্টে ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৯৮ রানে গুটিয়ে গেলে পাকিস্তানের জয়ের পথ সহজ হয়ে যায়। তারা ৩২৫ রান করে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও প্রথম ইনিংসে রানের ঘাটতির কারণে বড় লক্ষ্য দিতে পারেনি। চতুর্থ দিন সকালের সেশনেই মাত্র ২ উইকেট হারিয়ে ৯০ রানের সহজ লক্ষ্য ছুঁয়েছে স্বাগতিকরা।
৯ উইকেটে ৩০৯ রানে চতুর্থ দিন মাঠে নামে শ্রীলঙ্কা। পাকিস্তানের দুই ওভার লেগেছে বাকি উইকেট নিতে। মোহাম্মদ আব্বাস শেষ উইকেট নেন। আসিথা ফার্নান্ডো (২) বিদায় নেন, ৬৬ রানে অপরাজিত ছিলেন মিলান রত্নায়েকে। ৩১৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
লক্ষ্যে নেমে ৭ রানের ব্যবধানে তৈয়ব আরিফ (১৩) ও মোহাম্মদ তাহা (৪) বিদায় নিলে আজান আওয়াইজ ও আমির জামালের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় পাকিস্তান। ৩২ রানে আজান ও ৩৪ রানে জামাল অপরাজিত ছিলেন। দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আব্বাস, দুই ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজেরও সেরা খেলোয়াড় পাকিস্তানের পেসার।
_Rs_























