আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলার প্রায় ছয় সপ্তাহ পর এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্কও শেষ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এএফএ যেন বাণিজ্যিক কাজে তার নাম ও ছবি ব্যবহার করতে না পারে, সে জন্য আইনজীবীদের আনুষ্ঠানিক চিঠি তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।
সাংবাদিক নিকোলাস উইনাস্কির বরাত দিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম এ২৪ জানিয়েছে, বেশ কিছু ঘটনায় এএফএর ওপর অসন্তুষ্ট মেসি। এর মধ্যে রয়েছে তার নাম ও ছবি ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম চালানো, স্পনসর-সংক্রান্ত জটিলতা এবং জাতীয় দলের হয়ে তাঁর বিদায়ী ম্যাচের আয়োজন নিয়ে অসন্তোষ।
মেসির নাম ও ছবি ব্যবহার করে এখনো বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় করছে এএফএ। কিন্তু এই কাজে নিজের নাম-ছবি ব্যবহারের অনুমতি আর দিতে চান না সাবেক আর্জেন্টাইন অধিনায়ক। তার দাবি, এভাবে আয় করা অর্থ আর্জেন্টাইন ফুটবলের উপকারে আসছে না।
এএফএর সভাপতি তাপিয়া ও কোষাধ্যক্ষ তোভিগিনো দীর্ঘদিন ধরেই কর জালিয়াতি ও অর্থ পাচারের সন্দেহে তদন্তের মুখে রয়েছেন। গত মার্চে তাপিয়ার বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছিল। উইনাস্কির প্রতিবেদনে বলা হয়েছে, মোনাকো ও ইবিজার মতো বিলাসবহুল পর্যটনকেন্দ্রে ব্যবহারের জন্য বিলাসবহুল ইয়ট ভাড়া দেওয়া কয়েকটি প্রতিষ্ঠানে ১২ লাখ ডলারের বেশি অর্থ স্থানান্তরের বিষয়ও তদন্তে এসেছে।
মেসির ক্ষোভের আরেকটি কারণ তার আন্তর্জাতিক স্পনসর যুক্তরাষ্ট্রের বিয়ার ব্র্যান্ড মাইকেলব। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে অংশীদারত্ব থাকা একটি আর্জেন্টাইন প্রতিষ্ঠান জাতীয় দলকে কেন্দ্র করে নিজেদের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করে। বিষয়টি নিয়ে আপত্তি জানায় মাইকেলব। তারা মেসির প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করে।
উইনাস্কির ভাষ্য অনুযায়ী, ‘মেসি বিষয়টি জানতেন না। এই উদ্যোগ কে নিয়েছিল? ক্লদিও তাপিয়া একজন আর্জেন্টাইন স্পনসরকে মেসির ছবি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যদিও মেসির সঙ্গে মাইকেলবের একচেটিয়া চুক্তি ছিল।’
এএফএ নিয়ে অসন্তোষের আরেকটি কারণ গত অক্টোবরে বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের আয়োজন। এ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যাচের শব্দ ও আলোর ব্যবস্থাপনা এবং ম্যাচের পর ড্রোন শো নিয়ে মেসি ও তার ঘনিষ্ঠরা সন্তুষ্ট ছিলেন না। ড্রোন শোতে মেসির এমন একটি ছবি দেখানো হয়, যেখানে তাকে তুলনামূলক দুর্বল ডান পা দিয়ে বল মারতে দেখা যায়।
উইনাস্কি বলেন, ‘আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে বড় তারকা তার আইনজীবীদের একটি আনুষ্ঠানিক দাবি জানাতে চিঠি তৈরির নির্দেশ দিয়েছেন। সেখানে এএফএকে বলা হবে, আর্জেন্টাইন ফুটবলের কোনো উপকারে আসে না- এমন মুনাফা অর্জনের জন্য যেন মেসির ছবি ব্যবহার বন্ধ করা হয়।’
এএফএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আপাতত ক্লাব ফুটবলে মনোযোগ দিতে পারবেন মেসি। ইন্টার মায়ামির সামনে এখন গুরুত্বপূর্ণ কয়েকটি সপ্তাহ। ইস্টার্ন কনফারেন্স প্লে-অফের কোয়ার্টার ফাইনালে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ‘ভাইস সিটি’র দলটি।
_Rs_




















