সর্বশেষ পাঁচ টেস্টে তাইজুল ইসলামের উইকেটসংখ্যা ৩৬। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টেই দুই ইনিংসে নিয়ে পেরেছিলেন মাত্র তিন উইকেট। সেই ম্যাচ বাদ দিলে বাকি চার ম্যাচের কোনোটিতেই সাতটির কম উইকেট পাননি এই বাঁহাতি স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ঢাকা টেস্টে দারুণ এক মাইলফলক স্পর্শ করতে তাইজুলের অবশ্য সাতটিও নয়, দরকার ছয়টি উইকেট। সেটা হলেই দ্রুততম বাংলাদেশি বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি হবে তার।
তবে তাইজুলের কাছে উইকেট নয়, বড় ব্যাপার নিয়ন্ত্রিত বোলিং করা। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাইজুল বলেন, ‘আমার চাওয়া থাকে, উইকেট না পেলেও রান কম দিতে। এতে করে অন্য প্রান্তের বোলারের কাজটা সহজ হয়। ক্রিকেট খেলাটাই এমন। একজন রান দেবে, একজন উইকেট পাবে। উইকেট না পেলে ভাবি না। কারণ উইকেট পাওয়াটা অনেক সময়ই ভাগ্যের ব্যাপার।’
দলে কয়জন স্পিনার খেললো সে সব নিয়েও ভাবেন না তিনি। তিনি বলেন, দলে চারজন স্পিনার থাকুক বা দু’জন, আমি সব সময় ভালো জায়গায় বল করার চেষ্টা করি, রান আটকে রাখার চেষ্টা করি।’
এখন পর্যন্ত এই বছর তাইজুলের শিকার ৪০ উইকেট। ৪৬ উইকেট নিয়ে বছরের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি কাগিসো রাবাদা। ঢাকা টেস্টে তাই তাইজুলের সামনে সুযোগ থাকছে এ বছর টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হওয়ারও। তবে রেকর্ড নিয়ে একেবারেই ভাবছেন না এই বোলার।
বললেন, ‘আমার মাথায় আসলে এত কিছু নেই। সব সময় ভালো বল করার চেষ্টা করি, সেটাই করব। যদি উইকেট পাওয়ার থাকে, তবে অবশ্যই পাব। ভালো বল করলেই উইকেট পাওয়ার সম্ভাবনা থাকবে।’
বিবি/রেআ

























