চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের এক ম্যাচে হেরেছে জুভেন্টাস। জুভদের খেলা পাঁচ ম্যাচে চার জয় আর এক হার। কিন্তু ম্যানইউয়ের বিপক্ষে ওই হার শেষ ষোলোয় যাওয়া আটকাতে পারেনি জুভেন্টাসের। এমনকি ‘এইচ’ গ্রুপে শীর্ষে আছে জুভেন্টাস। মঙ্গলবার রাতে মারিও মানজুকিচের একমাত্র গোলে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় তুলে নেয় জুভেন্টাস।
ঘরের মাঠে শুরু থেকেই ভ্যালেন্সিয়াকে চেপে ধরে জুভেন্টাস। বল দখলের পাশাপাশি দারুণ কিছু আক্রমণ করে রোনালদোরা। কিন্তু স্বাগতিকরা গোল করে লিড নিতে পারছিল না। ভ্যালেন্সিয়ার গোলমুখে আটকে গেছে তাদের বেশ কিছু শট। ম্যাচের প্রথমার্ধে আটকেও রাখে জুভদের। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গোল করেন মারিও মানজুকিচ। তার গোলে ১-০ গোলে লিড নেয় আলেগ্রির দল।
জুভেন্টাস এবং স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হওয়ার কথা। কিন্তু দু’দল ম্যাচটাকে ট্যাকলের ম্যাচে পরিণত করে। ম্যাচে ৩২টি ফাউলের ঘটনা ঘটেছে। ট্যাকল হয়েছে আরও বেশি। আর ভ্যালেন্সিয়ার পাঁচ ফুটবলার ও জুভেন্টাসের তিনজন দেখেছেন হলুদ কার্ড।
শেষ পর্যন্ত জুভেন্টাস ১-০ গোলের জয় পায়। মারিও মানজুকিচ তার এই গোল নিয়ে সর্বশেষ সাত ম্যাচে সাত গোল করলেন। গ্রুপের অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে ইয়ং বয়েজের বিপক্ষে জয় পেয়েছে। শেষ সময়ে ফেলাইনির গোলে জয় নিয়ে শেষ ষোলোয় চলে গেছে তারাও। গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে ইয়ং বয়েস আর ভ্যালেন্সিয়ার।
বিবি/রেআ

























