টি-২০’র জোয়ারে ভাসছে গোটা ক্রিকেটবিশ্ব। খেলাটির সীমিত ফরম্যাটের জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিভিন্ন দেশে আয়োজিত হচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ। যেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভারতের আইপিএল।
জনপ্রিয়তায় পিছিয়ে নেই বাংলাদেশের বিপিএলও। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের এ আসরে খেলতে আসেন না ভারতের কোনো ক্রিকেটার। শুধু বিপিএলেই নয়, নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ ছাড়া ভারতীয়রা খেলতে যান না বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে।
এনিয়ে যে শুধু ক্রিকেটারদের অনীহা আছে বিষয়টা শুধু তা নয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও (বিসিসিআই) বিধিনিষেধ আছে। তবে এখন ভারতীয় ক্রিকেটাররা নাকি চাইলেই বিপিএলে খেলতে পারবেন। এমনই ইঙ্গিত দিয়েছেন খোদ বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী।
বাংলাদেশি একটি টিভি চ্যানেলকে তিনি জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলেন ভারতীয় ক্রিকেটাররা। চাইলে বাংলাদেশের প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারবেন তারা। বোর্ড থেকে কোনো বিধিনিষেধ নেই।
তিনি বলেন, ইচ্ছা পোষণ করলে ডিপিএলের মতো বিপিএলের অংশ নিতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। এতে খেলা কিংবা না খেলা পুরোটাই নির্ভর করছে তাদের ওপর। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
বিপিএলে খেলতে না আসলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আগ্রহ রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। প্রতি বছর ডিপিএলে বিভিন্ন দলের হয়ে খেলতে বাংলাদেশে আসেন এক ঝাঁক ভারতীয়। সাম্প্রতিক মৌসুমে ডিপিএলে খেলেছেন ইউসুফ পাঠান, উন্মুক্ত চাঁদ, রজত ভাটিয়ার মতো ক্রিকেটাররা।
এবার তাদের বিপিএলেও দেখা যাবে কিনা তা অবশ্যই এখনি বলা যাচ্ছে না। বিধিনিষেধ না থাকার কথা অমিতাভ চৌধুরী যতই বলুক না কেন, ভারতীয় বোর্ডের বড় সিদ্ধান্তের বিষয়ে যে কথাই বলতে চাননি তিনি।
বিবি/জেজে

























