সিলেটে হারের পর উইন্ডিজের বিপক্ষে মিরপুরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-২০ সিরিজ এখন ১-১ সমতায়। শনিবার (২২ ডিসেম্বর) সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
তবে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচের পর দুঃসংবাদ শুনতে হয়েছে দুই দলকেই। স্লো ওভার রেটের কারণে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২.১ ধারা অনুযায়ী, জরিমানা গুনতে হচ্ছে দুই দলের ২২ ক্রিকেটারকেই।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো ক্রিকেটারদের ওপর এই জরিমানা আরোপ করেন। নির্ধারিত সময়ের মধ্যে বোলারদের দিয়ে ওভার শেষ করাতে পারেননি সাকিব আল হাসান। আর উইন্ডিজ দলপতি কার্লোস ব্রাফেট পিছিয়ে ছিলেন দুই ওভার।
ফলে বাংলাদেশ দলের সকল সদস্যেরই ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর অধিনায়ক সাকিব আল হাসানকে অন্যদের তুলনায় দ্বিগুণ (ম্যাচ ফি’র২০ শতাংশ) জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, পরবর্তী ১২ মাসের মধ্যে বাংলাদেশ টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের জেরে দণ্ডিত হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন টাইগার অধিনায়ক।
অন্যদিকে উইন্ডিজ দলের প্রত্যেকের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর অধিনায়ক কার্লোস ব্রাফেটের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ ৪০ শতাংশ। ১২ মাসের মধ্যে উইন্ডিজ টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের জেরে দণ্ডিত হলে নিষিদ্ধ হবেন ব্রাফেটও।
ম্যাচ শেষে দুই অধিনায়কই ম্যাচ রেফারির এই রায় মেনে নেন বলে কোন রকম শুনানির দরকার পড়েনি।
বিবি/জেজে

























