জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও অভিনয় করেছেন তিনি। তবে বাহুবলি সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন এ অভিনেত্রী।
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা ফ্র্যাঞ্চাইজি বাহুবলি। এ সিনেমার দুটি অংশ বাহুবলি-দ্য বিগিনিং ও বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। দুটি সিনেমাতে দেখা গেছে তামান্নাকে। কিন্তু বাহুবলি-টু তে তার অভিনয়ের কথা ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে তামান্না ভাটিয়া বলেন, ‘আমি যখন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হই, তখনবাহুবলি-টু সিনেমায় ছিলাম না। কিন্তু প্রথমটি মুক্তি পাওয়ার পর শেষ পর্যন্ত এটি ভালো ব্যবসা করে এবং সকল চরিত্রকে রাখার সিদ্ধান্ত নেয়া হয়, এ কারণে আমি বাহুবলি-টু সিনেমাতে ছিলাম।’
তিনি আরো বলেন, ‘বাহুবলি সিনেমাটি এমন সময় তৈরি হয়েছে যখন আমার ক্যারিয়ার মোটামুটি ছিল, সত্যি বলতে কিছুটা খারাপ সময় যাচ্ছিল। ওই সময় আমি যে হিন্দি সিনেমাগুলো করেছিলাম সেগুলো অনেক বড় বাজেটের ছিল কিন্তু ভালো ব্যবসা করতে পারেনি। এরপর রাজামৌলি স্যার (এস এস রাজামৌলি) আমাকে বাহুবলি সিনেমার কথা বলেন। সেই সময় তারা এক থেকে দেড় বছর সিনেমাটির শুটিং করে ফেলেছিলেন। আমি ভেবেছিলাম আমাকে হয়তো ক্যামিও চরিত্রের জন্য ভাবা হয়েছে। কিন্তু রাজামৌলি স্যারের সঙ্গে কথা বলে জানতে পারি চরিত্রটি খুবই চমৎকার। আমার মনে হয় না, ভারতীয় সিনেমায় এ ধরনের চরিত্র দেখা গেছে। রাজামৌলি স্যার আমার ব্যাপারে যে দূরদর্শিতা দেখিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ।’
তামান্না অভিনীত পরবর্তী সিনেমা দ্যাট ইজ মহালক্ষ্মী। কঙ্গনা রাণৌত অভিনীত বলিউডের কুইন সিনেমার রিমেক এটি। এছাড়া দেবী-টু এবং সাই রামা নরসিমহা সিনেমাতেও দেখা যাবে তামান্নাকে।
বিবি/ ইএম
























