স্পর্শিয়া মডেল ও অভিনেত্রী। আসছে ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘আবার বসন্ত’। অনন্য মামুনের পরিচালনায় ছবিতে তিনি তারিক আনাম খানের সঙ্গে জুটি বেঁধেছেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ছবি ‘কাঁঠবিড়ালী’ ও ‘মানুষের বাগান’। নতুন ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
‘আবার বসন্ত’ ছবির সঙ্গে কীভাবে যুক্ত হলেন?
ছবির নির্মাতা অনন্য মামুনের সঙ্গে এর আগে কাজ করেছি। তাই সে এবং তার পুরো টিম আমার পূর্বপরিচিত। একদিন মামুন আমাকে ছবির গল্প শোনায়। তখনই ছবিটির গল্প আমার অসম্ভব পছন্দ হয়। আমি সঙ্গে সঙ্গে নির্মাতাকে কাজ করার আগ্রহ জানাই।
অসম প্রেমের গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। কাজ করতে চ্যালেঞ্জিং মনে হয়নি?
কিছুটা চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। কিন্তু সবসময় অত কিছু ভেবে তো আর কাজ করা যায় না। ছবির গল্প এতটাই সমসাময়িক ছিল যে, নিজেই কিছুটা চ্যালেঞ্জ নিয়ে অভিনয় করেছি। এ ছাড়া ছবির সহশিল্পী ছিলেন তারিক আনাম খান। শুটিং চলাকালে তিনি প্রচণ্ড আন্তরিক ছিলেন। তাই কাজ করতে অসুবিধা হয়নি।
তারিক আনাম খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
এর আগেও বেশ কয়েকটি নাটকে তার সঙ্গে কাজ করেছি। তবে বড় পর্দায় প্রথমবার কাজ করলাম। তাও আবার দু’জনই অসম বয়সের চরিত্রে। তবে নাটকে কাজ করার কারণেই তার সঙ্গে আমার বোঝাপড়াটা বেশ ভালো।
ছবির গল্প কী নিয়ে?
আমাদের আশপাশে ঘটে যাওয়া ঘটনা নিয়েই ছবির গল্প সাজানো হয়েছে। এর বেশি কিছু বলতে চাইছি না। তবে এতটুকু নিশ্চিত, বেশিরভাগ মেয়ে তাদের জীবনের কোনো ঘটনার সঙ্গে ছবিটির গল্প মেলাতে পারবেন।
‘কাঁঠবিড়ালী’ ছবির কাজ কতদূর এগোল…
ছবির প্রায় সব কাজই শেষ। পরিচালক নিয়ামুল মুক্তা এখন ছবির পোস্ট প্রডাকশনের কাজ করছেন। রমজান মাসের মধ্যেই হয়তো ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে। আশা করছি, ঈদের পর কোনো একটি ভালো সময়ে ছবিটি মুক্তি দেওয়া হবে।
‘মানুষের বাগান’ ছবির কাজ শেষ হয়েছে?
সম্প্রতি নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ ছবির শুটিং শেষ হয়েছে। ‘কাঁঠবিড়ালী’-এর পর ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করেছি।
শুনলাম আজ নাকি আপনার ইউটিউব চ্যানেল প্রকাশ পাচ্ছে?
আসলে নতুন করে নিজেকে সাজাতে কাজ করছি। সে ধারাবাহিকতায় আজ থেকে নিজের নামেই ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ করছি। চ্যানেলে ‘উইথ স্পর্শিয়া’ শিরোনামে একটি আড্ডার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আমার সঙ্গে প্রতি সপ্তাহে একজন তারকাশিল্পী আড্ডায় অংশ নেবেন। এ ছাড়া এখানে ব্যক্তিগত ভ্রমণের বিভিন্ন ভিডিও প্রকাশ করা হবে।
বেশ কিছুদিন ধরেই কোনো ধরনের নাটকে আপনাকে দেখা যায়নি?
ইন্ডাস্ট্রিতে এখন যে সময়টা যাচ্ছে, তা নিয়ে এক ধরনের হতাশা কাজ করে। এ ছাড়া বেশ কিছুদিন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তবে ভালো গল্প পেলে কাজ করলে আপত্তি নেই।
এবারের ঈদ কীভাবে কাটবে?
আবার বসন্ত নিয়েই আমার সব ব্যস্ততা কাটবে। প্রতিবছর তো ঈদের দিন ঘুমানো হয়। তবে এবার ছবির প্রচারণা ও বিভিন্ন হলে যাব।
বিবি/এমএ
























