ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে অনেক দিন বড় পর্দায় দেখা না গেলেও টিভি পর্দায় তিনি বেশ নিয়মিত। শুক্রবার রাজধানীর উত্তরার উত্তরখান এলাকার মৈনারটেক জিয়াবাগ বৈকাল স্কুলের পাশে অবস্থিত ‘আপন নিবাস বৃদ্ধাশ্রম’ গিয়ে সময় কাটান তিনি। বৃদ্ধাশ্রম ঘুরে এসে সেখানকার বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পোস্ট করেছেন এই নায়িকা।
আপন নিবাস বৃদ্ধাশ্রমে বর্তমানে পঞ্চাশেরও বেশি বৃদ্ধ মা ও বেশ কিছু প্রতিবন্ধী রয়েছেন। বয়স্ক অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে এসেছেন তিনি। পূর্ণিমাকে কাছে পেয়ে খুশিতে মন ভরেছে তাদের।
পূর্ণিমা বললেন, ‘আমি বৃদ্ধাশ্রমের মানুষগুলোর সঙ্গে একবেলা খাবার খেয়েছি, তাদের সঙ্গে সময় কাটিয়েছি। সেখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। বৃদ্ধাশ্রমটিতে প্রায় পঞ্চাশ জনের মতো বৃদ্ধ রয়েছেন, যাদের মধ্যে অনেকের বয়সই একশ’র বেশি। তাদের সঙ্গে সময়টা কাটিয়ে এবং একবেলা খাওয়াতে পেরে অনেক ভালো লেগেছে। শান্তি অনুভব করছি। আমার মতো করে আপনারা যারা আছেন সবাই আসুন, তাদের সঙ্গে সময় কাটান একবেলা। সবাইকে অনুরোধ করবো তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য।’
বিবি/এমএ
























