অনাকাঙ্ক্ষিত ঘটনা। সত্যিই দুঃখজনক। এমন কিছু হতে পারে কেউ কল্পনাও করেননি। চারদিকে পুলিশের নিরাপত্তা বেষ্টনী। তার মধ্যেই চুরি গেল নায়িকার ব্যাগ।
ঘটনাটি মঙ্গলবারের (১৬ জুলাই)। এদিন বিএফডিসিতে মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের গল্প নিয়ে নির্মিত ‘অর্জন ৭১’ ছবির মহরত ছিল। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।অনুষ্ঠান শুরুর পর চিত্রনায়িকা শাহনূর দর্শক সারি থেকে মঞ্চে ওঠেন আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করার জন্য। ফুল দিয়ে মঞ্চ থেকে নেমে নিজের আসনে ফিরে দেখেন তার ভ্যানিটি ব্যাগটি নেই।শাহনূর বলেন, ‘আমি ব্যাগটি পাশের সিটে বসা একজনকে দিয়ে মঞ্চে যাই। ফিরে এসে দেখি ব্যাগ নেই। কেউ আমার সহকারী পরিচয় দিয়ে ব্যাগটি নিয়ে গেছে। ব্যাগে আমার টাকা, আইফোন ছিল। সবচেয়ে বড় বিষয় আমার প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র ছিল এই ব্যাগে।
আমি কী করব, বুঝতে পারছি না।’বিষয়টি উপস্থিত পুলিশ সদস্যদের জানানো হয়। শুরু হয় ব্যাগ খুঁজে বের করার তোড়জোড়। এফডিসির গেটে বসানো হয় চেকপোস্ট।‘অর্জন ৭১’ ছবির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন মির্জা সাখাওয়াত হোসেন। ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী।
বিজনেস বাংলাদেশ-/ ইএম
























