রোজভ্যালি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দিন কয়েক আগে তাঁকে তলব করেছিলেন ইডি আধিকারিকরা। সেই মতো শুক্রবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছন প্রসেনজিৎ। ইতিমধ্যেই জেরা শুরু হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
একসময় বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল রোজভ্যালি সংস্থা। সেই সূত্রেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয় সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর। পরবর্তী ক্ষেত্রে রোজভ্যালির প্রযোজনায় একটি ছবিতেও অভিনয় করেন প্রসেনজিৎ। এ ছাড়াও, প্রসেনজিৎ-এর সংস্থার সঙ্গে বেশ কয়েকটি চুক্তিও হয় তাদের। তাই ইডি আধিকারিকরা জানতে চান, রোজভ্যালির সঙ্গে ঠিক ক’টি চুক্তি হয়েছিল প্রসেনজিৎ-এর সংস্থার, কত টাকার লেনদেন হয় এবং এই লেনদেনের নেপথ্যে কোনও আর্থিক অনিয়ম হয়েছিল কি না।
এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই প্রসেনজিৎকে ডেকে পাঠানো হয়েছে। গোয়েন্দাদের সবরকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত বলে ইতিমধ্যেই জানিয়েছেন প্রসেনজিৎ।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























