ঢাকা: চলচ্চিত্রের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার জুলাই সকালে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।
সভাপতি ফাল্গুনী হামিদ পেয়েছেন ৩৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ফারুক বাবুল পেয়েছেন ভোট ৮৬টি। আর সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবু ১৬১ ও তার প্রতিদ্বন্দ্বী শপথ চৌধুরী ১৫৯ ভোট পান। নির্বাচনে ২১ পদের বিপরীতে অংশ নিয়েছিলেন মোট ৪৬ জন প্রার্থী। আর মোট ভোটার সংখ্যা ৫৩৮ জন।
অন্যান্য বিজয়ীদের তালিকায় নিচে দেওয়া হলো:
সহ-সভাপতি- বাদল আহমেদ ২৪৬, সৈকত সালাউদ্দিন ২২৮সহ-সাধারণ সম্পাদক- রিমন মাহফুজ ২৫৭, অর্থ সম্পাদক- মঈন আবদুল্লাহ ২৪২,
সাংগঠনিক সম্পাদক- রাহাত সাইফুল ২৫৯, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক- শফিকুল আলম মিলন ২৬১, ক্রীড়া সম্পাদক- মুজাহিদ সামিউল্লাহ ২৩০, সমাজ কল্যাণ মহিলাবিষয়ক সম্পাদক- শ্রাবণী হাওলাদার ২৯৫, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আবু সুফিয়ান রতন ২৫৬, দপ্তর সম্পাদক- নিপু বড়ুয়া ২৩৬
বিজয়ী নির্বাহী সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন-লিটন এরশাদ তিনি পেয়েছেন ৩৫৫ ভোট। এছাড়া নির্বাচিত হয়েছেন আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস ও লিটন রহমান।
নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য (২০১৯-২০২১) চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠনটিকে নেতৃত্ব দেবেন।
বাচসাস ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্নে এর নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। যা সংক্ষেপে ‘বাচসাস’।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























