মুক্তির অপেক্ষায় রয়েছে নিয়ামুল মুক্তা পরিচালিত প্রথম সিনেমা ‘কাঠবিড়ালী’। প্রতীক্ষার প্রহর শেষ করে চলতি মাসের ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ছবিটিতে সুন্দর কন্যা হিসেবে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়াকে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম গান ‘সুন্দর কন্যা’। সেলিম আল দীনের কথায় গানটির সুর করেছেন ইউসুফ হাসান অর্ক এবং সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। আর এতে কণ্ঠ দিয়েছেন শফি মন্ডল।
গান ভিডিওতে দেখা গেছে অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীরকে। পাবনার মনোরম লোকেশনে চিত্রায়িত সুন্দর এই গানের সঙ্গে তাদের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। স্পর্শিয়ার সাবলীল অভিনয় ও নজর কাড়া চোখের চাহনি দর্শকদের মুগ্ধ করেছে।
নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা চিলেকোঠা ফিল্মস এর ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’ ছবিটিতে স্পর্শিয়া-আবীর ছাড়াও আরও অভিনয় করছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমান প্রমুখ। ছবিটির পরিবেশনায় রয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























