ঢাকাই ছবির নায়ক নিরব ও কলকাতার নায়িকা প্রিয়াংকা সরকার জুটি বেধে অভিনয় করেছেন ‘হৃদয় জুড়ে’ ছবিতে। ২০১৭ সালে শুটিং শুরু হওয়া এ ছবিটি নির্মাণ কাজ শেষে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি বুধবার দুপুরে বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেন ছবিটির নির্মাতা রফিক সিকদার।
এ নির্মাতা বর্তমানে নতুন সিনেমা ‘বসন্ত বিকেল’ ছবির দৃশ্যধারণের কাজে ব্যস্ত রয়েছেন। পাবনায় ছবিটির শুটিং চলছে। সেখান থেকে মুঠোফোনে এ নির্মাতা জানান, গত ২ জানুয়ারি ‘হৃদয় জুড়ে’ ছবিটি সেন্সরে জমা দেয়া হয়। এরপর ৫ জানুয়ারি সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন এবং পরের দিন বিনা কর্তনে ছাড়পত্র পায় ছবিটি।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, ছবিটি দেখার পর সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসাও করেছেন। শিগগিরই ভালো দিনক্ষণ দেখে ছবিটি মুক্তি দেয়া হবে।
এর আগে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে রোমান্টিক ঘরানার এ ছবিটির টিজার প্রকাশ পায়। টিজারে প্রিয়াংকা ও নিরবের রসায়ন দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। ১ মিনিট ৩৪ সেকেন্ডের টিজারটি প্রকাশের পর থেকেই ছবিটির দেখার আগ্রহ তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মাঝে।
ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ‘হৃদয় জুড়ে’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রফিক শিকদার নিজেই। ছবিটিতে নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও এতে অভিনয় করেছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন, যুবরাজ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























