চলচ্চিত্রে শিল্পী সংকট দূর করতে ২০১৮ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার আয়োজন করেছিল চলচ্চিত্র পরিচালক সমিতি। কিন্তু নানা জটিলতায় বন্ধ হয়ে যায় এ কার্যক্রম। এক বছরের বিরতি দিয়ে ফের শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে-২০২০’। এবারের আয়োজক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক-পরিবেশক সমিতি।
বিষয়টি নিয়ে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, শিগগিরই সংবাদ সম্মেলন করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এরই মধ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পরিচালক সমিতির ৬ জন, প্রযোজক-পরিবেশক সমিতির ৬ জন এবং বিএফডিসির ১ জন সদস্য রয়েছেন।
খোকন আরো জানান, আট বিভাগীয় শহরে প্রাথমিক বাছাই শেষে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কারিগরি সহায়তা, গ্রুমিং ও মহড়ার জায়গা দিয়ে সহযোগিতা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।
আয়োজক সূত্রে এ বিষয়ে আরো জানা গেছে, এবার সাতটি ক্যাটাগরিতে হবে ‘নতুন মুখের সন্ধানে-২০২০’। ক্যাটাগরিগুলো হলো নায়ক, নায়িকা, পার্শ্বচরিত্রের অভিনেতা, অভিনেত্রী, খলনায়ক, কৌতুক অভিনেতা ও শিশুশিল্পী।
আয়োজকরা মনে করছেন, প্রতিযোগিতার এবারের আসর থেকে সত্যিকারের কিছু অভিনয় শিল্পী ওঠে আসবে, যারা দূর করতে পারবে চলচ্চিত্রের শিল্পী সংকট।
প্রসঙ্গত, এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মান্না, দিতি, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানসহ আরো অনেক তারকাই উঠে এসেছিলেন এ প্রতিযোগিতা থেকে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























