কংগ্রেসের নিম্নকক্ষে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্বের পক্ষে একটি প্রস্তাব পাস হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন নিজের ইচ্ছামতো যুদ্ধের সিদ্ধান্ত নিতে না পারেন সেজন্য তার ক্ষমতা খর্ব করতে প্রতিনিধি পরিষদে ভোট হয়।
বৃহস্পতিবার ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ওই প্রস্তাবটি উত্থাপন করেন বিরোধী ডেমোক্রেট দলের সদস্যরা। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২২৪ জন এবং বিপক্ষে ১৯৪ জন।
এই প্রস্তাবনা পাসের ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে ব্যবহারের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে।
প্রতিনিধি পরিষদের এই প্রস্তাবনা সিনেটে ওঠা অন্যান্য প্রস্তাবনার মতোই। এ প্রস্তাবনায় বলা হয়েছে, কংগ্রেস থেকে পরবর্তী সময়ে কোনো অনুমোদন না পেলে প্রেসিডেন্টকে ৩০ দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া বন্ধ করতে হবে।
তবে এই প্রস্তাবনা রিপাবলিকান অধ্যুষিত সিনেটে পাস হওয়া বেশ কঠিন হবে বলেই মনে হচ্ছে। কারণ রিপাবলিকান সদস্যদের বেশিরভাগেরই ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে। সূত্র : বিবিসি
বিজনেস বাংলাদেশ/এম মিজান























