এর আগে তিনি ভোট ফর সুন্দরবন, কিডনি ফাউন্ডেশন, পথশিশুসহ বেশকিছু প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এবার নতুন করে আরো একটি প্রতিষ্ঠানে ব্র্যান্ড আ্যম্বাসেডর হলেন জনপ্রিয় নায়িকা শাহনূর। সোমবার (২০ জানুয়ারি) টাচস্টোন ইলেকট্রন কোম্পানির ব্র্যান্ড আ্যম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন এ চিত্রনায়িকা।
বিষয়টি বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করে শাহনূর বলেন, টাচস্টোন ইলেকট্রনের ব্র্যান্ড আ্যম্বাসেডর হলাম সোমবার। মজার বিষয় হলো বিশেষ একটি তারিখ ২০-০১-২০২০ আমরা চুক্তিবদ্ধ হলাম।
শাহনূর বর্তমানে ব্যস্ত রয়েছেন প্রেম-ভালোবাসার মৌলিক গল্পের সিনেমা ‘বসন্ত বিকেল’ নিয়ে। এছাড়া তাকে দেখা গেছে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারে।
শাহনূর বলছিলেন, নতুর বছরের শুরুটা ভালো হলো। বছরের প্রথম থেকেই সিনেমার শুটিং, এরপর হলাম ব্র্যান্ড আ্যম্বাসেডর। নতুন আমেজে নির্বাচনে সময় দিচ্ছি, কিছু মানবিক কাজ করছি। ভালো সময় পার হচ্ছে।
৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা। উল্লেখযোগ্যের মধ্যে রয়েছে ‘ইন্দুবালা’, ‘এ চোখে শুধু তুমি’, ‘নয়ন ভরা জল’, ‘সাহসী মানুষ চাই’, ‘প্রেম সংঘাত’সহ বেশকিছু সিনেমা। অভিনয় করেছেন নাটকেও। সমাজসেবায়ও রয়েছে তার সরব উপস্থিতি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























