বয়স মাত্র ১৯ বছর, ইন্টারনেট হ্যাকিং করাই পেশা ও নেশা রোহন শাহ নামে এক তরুণের। অথচ বছর ১৯-এর রোহন তার থেকে বয়সে অনেক বড় হিনা খানের প্রেমে একপ্রকার হাবুডুবু খাচ্ছে। হিনাকে কাছে পেতে সে নাছোড়বান্দা। প্রেয়সীকে কাছে পেতে কোনো কিছু করতেই সে কাউকে পরোয়া করে না। এই তরুণের কাণ্ডকারখানায় হতবাক হিনা খান নিজেও।
অনেক চেষ্টা করেও রোহনকে বুঝিয়ে পারে না হিনা। বেপরোয়া এই তরুণ হিনার সঙ্গে ঘটাতে থাকে একের পর এক ঘটনা। কখনো সে হিনার ল্যাপটপ থেকে অফিসের উল্টোপাল্টা মেইল পাঠিয়ে দেয়। আবার কখনো হিনার অফিসের নানা তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে নিজের কুক্ষিগত করে বসে। শেষে কোনোভাবেই হিনাকে রাজি করাতে না পেরে তার ব্যক্তিগত কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয় রোহন। কিন্তু তারপর?
এমনই একটি গল্প নিয়েই হ্যাকড মুভিটি বানিয়েছেন পরিচালক বিক্রম ভাট। রবিবার মুক্তি পায় মুভির ট্রেলার। যেটি দেখলে আপনিও শিহরে উঠবেন।
তবে ঘটনাটা যে শুধুই একটি ছবির গল্প, তা কিন্তু নয়। ইন্টারনেটের দুনিয়ায় আমরা প্রায় প্রতিমুহূর্তেই নজরদারিতে রয়েছি। এই প্রযুক্তির যুগে হ্যাকারদের দৌলতে আমরা আর নিরাপদ নই। প্রতিমুহূর্তেই আমাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। হ্যাকিংয়ের গল্প নিয়ে গত বছরই ‘পাসওয়ার্ড’ মুভিটি বানিয়েছিলেন প্রযোজক দেব। বলিউডের কায়দায় বানানোিএ সিনেমা দেখে মুগ্ধ হয়েছিল দর্শকরা। ‘পাসওয়ার্ড’ মুক্তির পর হ্যাকিংয়েও আরো একটি অন্যরকম গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে বিক্রম ভাটের ‘হ্যাকড’। যদিও দুটি মুভির বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা, কোথাও কোনো মিলই নেই। তবে মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু সেই হ্যাকিং। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছেন হিনা খান অভিনীত প্রথম বলিউড মুভি ‘হ্যাকড’।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























